১লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
দিগন্ত জার্নাল ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচ্যা, শরবতসহ অন্যান্য আনুষঙ্গিক খাবার পরিবেশন করা হবে।
আগামীকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত খলিলুর রহমান।
এই সফর রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আনবে বলে রোহিঙ্গা নেতারা আশা করছেন।