শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের সংহতি
দিগন্ত জার্নাল ডেস্ক :
শাহবাগি নেত্রী লাকি আক্তারকে গ্রেফতার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে আসেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বিকেলে এক যৌথ বিবৃতিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। তারা জানান, ফ্যাসিবাদী রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করার লক্ষ্য বাস্তবায়নে জাতীয় বিপ্লবী পরিষদ ইনকিলাব মঞ্চের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও মিত্র দল নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান ২৮তম দিনে পৌঁছেছে। বুধবারও সেখানে গণস্বাক্ষর সংগ্রহ, ফ্যাসিবাদবিরোধী প্রচারণা ও গণইফতার কর্মসূচি পরিচালিত হয়। পরে অংশগ্রহণকারীরা শাহবাগের কর্মসূচিতে সংহতি জানান।