আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো
দিগন্ত জার্নাল ডেস্ক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। চাঁদাবাজি, ছিনতাই, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বাড়তে থাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের ধরতে সক্ষম হয়েছে, তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ।
এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরানোর দাবি উঠেছে। বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আরও কয়েকটি রাজনৈতিক দল মনে করে, তিনি ব্যর্থতার দায় এড়াতে পারেন না। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনে করছে, কেবল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে কোনো সমাধান হবে না; সরকারকে আরও কঠোর হতে হবে।
সরকারের পক্ষ থেকেও ষড়যন্ত্রের আশঙ্কার কথা বলা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাত মাসের মধ্যে দ্বিতীয়বার স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলে সরকারের দুর্বলতা প্রকাশ পাবে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যেই সরকার কঠোর অবস্থান নেওয়ার কথা বলছে। সাম্প্রতিক অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলেও বাধা দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, দেরিতে নেওয়া এসব পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।