জাতিসংঘ মহাসচিবের উষ্ণ বার্তা: বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার আশ্বাস
দিগন্ত জার্নাল ডেস্ক :
জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এরপর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন।
শনিবার জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সাবেক শরণার্থী সংস্থার প্রধান হিসেবে গুতেরেস রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।