সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন, রোহিঙ্গা সংকটে উদ্বেগ - দিগন্ত জার্নাল

সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন, রোহিঙ্গা সংকটে উদ্বেগ

দিগন্ত জার্নাল ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হ্রাস পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় এসে জাতিসংঘ মহাসচিব রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ঢাকার সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গুতেরেস বলেন, “সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। আমরা আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি এবং যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।” তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং দেশের প্রকৃত পরিবর্তন আনবে।

রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি এমন জনগোষ্ঠী আগে কখনো দেখিনি, যারা এত বৈষম্যের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে। তাদের সহায়তা কমে যাওয়া এক ধরনের অপরাধ।” তিনি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন ও যথেষ্ট খাদ্য সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “আপনার এই সফর শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা রোহিঙ্গাদের দুর্দশা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।”

গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করে বলেন, “বাংলাদেশ শান্তিরক্ষায় সামনের সারিতে কাজ করছে। তাদের কার্যক্রম অসাধারণ।” বৈঠকে ভূরাজনীতি, সার্কের বর্তমান অবস্থা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

অর্থনীতি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা একটি বিপর্যস্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং খাত ও কমে যাওয়া রিজার্ভ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তবে অর্থনীতি এখন সুসংহত হয়েছে, রপ্তানি বাড়ছে, রিজার্ভও আগের চেয়ে ভালো। আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

an adbox will go here