কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক :
ঢাকায় বৈঠক শেষে শুক্রবার দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
কক্সবাজার পৌঁছে ড. ইউনূস নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাকে জানান, বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে এবং বাকি কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০-৫০টি এয়ারক্রাফট ওঠানামা করবে বলে জানানো হয়।
এরপর তারা খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র, রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন। ইফতার শেষে তারা একসঙ্গে ঢাকায় ফিরবেন।
এর আগে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব।