নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে মুজিববাদের ছায়া বিলুপ্ত হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
দিগন্ত জার্নাল ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আমাদের সামনে কিছু অসমাপ্ত লড়াই আছে, বিশেষ করে গণপরিষদ নির্বাচন, সংস্কার এবং একটি নতুন সংবিধান তৈরি। নতুন সংবিধান প্রণয়নের মধ্যদিয়ে মুজিববাদের যে ছায়া বাংলাদেশে বিরাজমান ছিল তার বিলুপ্ত ঘটবে। পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আহত ও শহিদ ভাইদের রক্তের বদলা নেওয়া হবে নতুন সংবিধান তৈরির মাধ্যমে।
শনিবার বিকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে নবাব কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (পুসাব)-এর উদ্যোগে এই ইফতার আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের মতো আগামীতেও ঐক্যবদ্ধ থাকব। আগামীর রাজনীতিতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। জাতীয় নাগরিক পার্টিতে প্রাইভেট শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা থাকবে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে এই সাহস ধরে রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা ত্যাগের কারণে আজকের বাংলাদেশ পেয়েছি, তাদের ভুলে না গিয়ে সর্বক্ষেত্রে শহিদদের মূল্যায়ন করে একসঙ্গে পথ চলতে হবে।
তাসনিম জারা বলেন, অসম সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, এই সাহস যেন আজীবন থাকে। তিনি বলেন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পুসাবের প্রতিষ্ঠাতা স্থায়ী সদস্য আবদুল্লাহ মাহফুজ জাকারিয়া ও স্থায়ী সদস্য তাহসিন রিয়াজের সঞ্চালনায় ইফতারের অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।