বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচারে অ্যান্তোনিও গুতেরেসের উদ্বেগ প্রকাশ - দিগন্ত জার্নাল

বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচারে অ্যান্তোনিও গুতেরেসের উদ্বেগ প্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, মহাসচিবের এই সফর ভুল তথ্য ও অপতথ্য প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতিসংঘ মহাসচিবও বিষয়টি উল্লেখ করেন। পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেন, মহাসচিব অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের ‘সত্যিকারের রূপান্তরের’ জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন।

হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিবের সমর্থন বাংলাদেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সফল সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রে উত্তরণে সহায়ক হবে। তিনি আরো জানান, মহাসচিব যুব, সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনটি বৈঠকে যোগ দিয়েছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সফর বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে, যা একটি ঐতিহাসিক মুহূর্ত। হোসেন জানান, মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকারের সাথে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ক্যাম্পগুলোতে গুতেরেস রোহিঙ্গা শিশু ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা বহুমুখী কর্মদক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের টিকে থাকার প্রস্তুতি নিচ্ছেন।

এসময়, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাসহ এক লাখের বেশি রোহিঙ্গা জনগণের সঙ্গে ঐতিহাসিক সংহতি ইফতার করেন।

an adbox will go here