অপতথ্যের বিরুদ্ধে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস - দিগন্ত জার্নাল

অপতথ্যের বিরুদ্ধে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

: দিগন্ত জার্নাল ডেস্ক:


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা কামনা করেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আপনার আশীর্বাদ চাই, বিশেষত একটি বিষয়ে—অপতথ্যের বিরুদ্ধে, যা আমাদের ধ্বংস করছে।”

অধ্যাপক ইউনূস বলেন, মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, কিন্তু কিছু মানুষ সেটি পছন্দ করে না এবং বিভ্রান্তি ছড়ায়। তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে বলেন, “অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব।”

জাতীয় ঐক্যের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ঐক্য দেশের সকল স্তরের মানুষের মধ্যে একটি অনন্য সংহতির সৃষ্টি করেছে। তিনি বলেন, “দেশের জনগণ অনেক বিষয়ে মতানৈক্য পোষণ করলেও একটি বিষয়ে সবাই একমত—আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এতে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।”

গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত শিক্ষার্থীদের আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইউনূস বলেন, “শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন। তারা স্বাধীনতার জন্য, নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিল। এটাই আমাদের নতুন বাংলাদেশ।”

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফর দেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে। “আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে আছি, কিন্তু আপনার এই সফর যেন আগেভাগেই আমাদের জন্য ঈদ এনে দিল। আপনার আগমনে আমাদের ঈদ এখনই শুরু হয়ে গেছে।”

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন, যেখানে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

an adbox will go here