পঞ্চপাণ্ডব যুগের অবসান, নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন মিরাজ
দিগন্ত জার্নাল ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘পঞ্চপাণ্ডব’ যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাদা বলের ক্রিকেট থেকে বিদায়ের মধ্য দিয়ে। একসময়ের পাঁচ স্তম্ভ—মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক ও মাহমুদউল্লাহ—দেশের ক্রিকেটে অসংখ্য সাফল্য এনে দিলেও এখন আর কেউই জাতীয় দলের অংশ নন। কেবল তামিম আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন, আর মাশরাফি ও সাকিবের ফেরার সম্ভাবনা প্রায় নেই।
এই প্রেক্ষাপটে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শনিবার মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর মিরাজ বলেন, ‘সবাইকে একসময় ছেড়ে যেতে হয়। তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়েছে। এখন আমাদের দায়িত্ব সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
বৈশ্বিক ট্রফির স্বপ্ন পূরণে নতুন প্রজন্ম প্রস্তুত বলে মনে করেন তিনি। মিরাজ বলেন, ‘আমরা এখনো কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে বড় কোনো শিরোপা জেতা, যা আমাদের প্রজন্মের জন্য বড় কিছু হবে।’
বর্তমান দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন উল্লেখ করে মিরাজ বলেন, ‘আমাদের দলে ৬-৭ জন ক্রিকেটার অন্তত ৬-৭ বছর বা ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাই বলা যাবে না যে দল পুরোপুরি নতুন। এখন আমাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারফর্ম করাই মূল চ্যালেঞ্জ।’
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পিত প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মিরাজ বলেন, ‘আমাদের হাতে প্রায় আড়াই বছর সময় আছে। এখন থেকেই ঠিক করতে হবে দলের কাঠামো কেমন হবে, কারা কোন পজিশনে খেলবে। খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দিতে হবে এবং সবাইকে একে অপরকে সমর্থন করতে হবে।’
বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ে মিরাজের মতো তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল কতদূর এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়।