ডিএমপি কমিশনারের ‘ধর্ষণ’ শব্দ এড়ানোর মন্তব্যে দুঃখ প্রকাশ
দিগন্ত জার্নাল ডেস্ক :
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিশেষত, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় তিনি ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।”
উল্লেখ্য, শনিবার (১৫ মার্চ) একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। আপনি ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ বলবেন।” তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই বক্তব্যকে ধর্ষকদের পক্ষ নেওয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের মন্তব্য প্রত্যাহার করা উচিত।”
এই মন্তব্যের পর প্রধান উপদেষ্টা কার্যালয়ও তীব্র নিন্দা জানায়। তারা জানায়, “ধর্ষণ ধর্ষণই, তা ৮ বছর বয়সি শিশু বা ৮০ বছর বয়সি বৃদ্ধা, যে কারও ক্ষেত্রেই হোক না কেন। এই ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত।”