ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার - দিগন্ত জার্নাল

ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

দিগন্ত জার্নাল ডেস্ক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে। এছাড়া, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ও পরে পাঁচদিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। একইভাবে, ঈদের তিনদিন আগে এবং তিনদিন পর পর্যন্ত সড়কপথে পণ্যবাহী পরিবহণের চলাচলও বন্ধ থাকবে, তবে জরুরি পণ্যবাহী ও কাঁচামালবাহী ট্রাক পারাপার হতে পারবে। এছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহণও বন্ধ রাখা হবে।

সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই সিদ্ধান্তগুলো জানানো হয়। সভায় ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠু চলাচল ও ঘাটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘‘ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলবে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের তিনটি ঘাট সচল থাকবে।’’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা বন্দর কার্যালয়ের উপপরিচালক সেলিম শেখ জানান, ‘‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি লঞ্চ চলাচল করবে এবং পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট সচল থাকবে। প্রয়োজনে আরও ঘাট সচল করার ব্যবস্থা করা হবে।’’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, ‘‘ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ একাধিক টিম নিরাপত্তার কাজে থাকবে। এছাড়া নৌপুলিশ, হাইওয়ে পুলিশও আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।’’

এই প্রস্তুতির মাধ্যমে ঈদে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

an adbox will go here