ঈদযাত্রা: যাত্রী সুরক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান - দিগন্ত জার্নাল

ঈদযাত্রা: যাত্রী সুরক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান

দিগন্ত জার্নাল ডেস্ক :

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, ঈদে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে গণপরিবহণে তীব্র সংকট দেখা দেয়। তিনি উল্লেখ করেন, লম্বা ছুটি সঠিকভাবে কাজে লাগানো গেলে যাত্রীদের ভোগান্তিমুক্ত, স্বস্তিদ্বায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব। ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই, দুর্ঘটনা ও যানজট রোধে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগরজুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার শঙ্কা উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি জানান, এবারের ঈদে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ও আশপাশের জেলা থেকে যাত্রা করবেন। প্রায় ৭৫% মানুষ সড়কপথে যাতায়াত করবে।

সভায় আরও বলা হয়, সড়কে বাড়তি চাপ এবং ফিটনেসবিহীন বাসে পোশাক শ্রমিকদের যাত্রা বন্ধে কলকারখানা ও পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২৪ মার্চের মধ্যে পরিশোধ করে ধাপে ধাপে বাড়ি পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সরকারের পরিকল্পনার গলদে যাত্রী দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা বাড়ছে, যার দায় মালিকদের ওপর চাপানো হচ্ছে। তিনি এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিক সমিতি কঠোর অবস্থান নেবে।

বিআরটিএ’র পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বিআরটিএ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ৬৪ জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম ঈদযাত্রায় সড়কে ডাকাতি রোধে ১,৪৪৩ জন ডাকাতকে চিহ্নিত করে অভিযান শুরু করার কথা জানান।

তিনি প্রবাসীদের ঈদে লাগেজ-ব্যাগেজ নিয়ে বাড়ি যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সেবা নেওয়ার আহ্বান জানান।

an adbox will go here