গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত
দিগন্ত জার্নাল ডেস্ক :
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত ‘গুমের’ ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ দেড় মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে, যেখানে বলা হয়েছে, কমিশনের বাড়তি মেয়াদ ১৫ মার্চ থেকে কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এই কমিশনের প্রথম মেয়াদ ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২৭ আগস্ট গঠিত এই কমিশনে গুমের ১,৬০০ অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৩৮৩টি অভিযোগের প্রাথমিক যাচাই শেষ হয়েছে। গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৭২টি র্যাবের বিরুদ্ধে ছিল। এ পর্যন্ত ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
কমিশন আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার সদস্যদের বিরুদ্ধে গুমের ঘটনায় তদন্ত করবে। এছাড়া, বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, দায়ী সংস্থা বা ব্যক্তিদের চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ করাও কমিশনের দায়িত্বের মধ্যে থাকবে।