শরীয়তপুরে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - দিগন্ত জার্নাল

শরীয়তপুরে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দিগন্ত জার্নাল ডেস্ক :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গ্রাম পুলিশ আমীর হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জুনায়েদ বেপারির বিরুদ্ধে। ভুক্তভোগী আমীর হোসেন দাবি করেছেন, থানায় দেওয়া লিখিত অভিযোগের জেরে তার ওপর হামলা চালানো হয়েছে এবং অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনা সোমবার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় ঘটে।

অভিযুক্তরা হলেন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মান্নান বেপারির ছেলে শ্রমিক দল নেতা জুনায়েদ বেপারি, গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের আবুল হোসেন দর্জির ছেলে মাহামুদ দর্জি ও চর ভয়রা গ্রামের নেওয়াজ সরকার।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ জয়ন্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল মালেক অভিযান চালান। এই সময় একটি ট্রলার ও ড্রেজার জব্দ করা হয়, যা স্থানীয় গ্রাম পুলিশদের হেফাজতে রাখা হয়েছিল। পরে জুনায়েদ বেপারি ও তার সহযোগীরা জোরপূর্বক মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রাম পুলিশ আমীর হোসেন বাধা দিলে তাকে মারধর করা হয় এবং মালামাল নিয়ে চলে যান তারা।

আমীর হোসেন স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দেন। তবে পরবর্তীতে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সোমবার রাতে আবারও আমীর হোসেনের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।

এ বিষয়ে আমীর হোসেন বলেন, ‘আমি সঠিক বিচার চাই।’

অভিযুক্তদের মধ্যে একমাত্র নেওয়াজ সরকার দাবি করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং অভিযোগ মিথ্যা।

ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।

an adbox will go here