বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মার্কিন সিনেটর পিটার্স - দিগন্ত জার্নাল

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মার্কিন সিনেটর পিটার্স

দিগন্ত জার্নাল ডেস্ক :

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড, যা ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর সংবাদের অংশ বলে মনে করা হচ্ছে। তবে খোদ যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

সিনেটর পিটার্স বলেন, “ডেট্রয়েট শহরসহ মিশিগানে আমার নির্বাচনি এলাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করেন। তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে অনেক ভুল তথ্যও ছড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে এবং সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে অযথা উদ্বেগ তৈরি করছে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের সরকার ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের মানবাধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, ধর্মীয় নয়। তবে আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেব।”

ড. ইউনূস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শনের আহ্বান জানান এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কর্মীদেরও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, “আমরা চাই আপনারা সরাসরি এসে দেখুন, যাতে ভুল তথ্যের অপপ্রচার রোধ করা যায়। আমরা সঠিক তথ্য প্রচারের জন্য আপনাদের সহযোগিতা চাই।”

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করেন।

an adbox will go here