শিক্ষাখাতের সংকট নিরসনে সুশাসন ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেন শিক্ষা উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক :
শিক্ষাখাতের সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তীকালীন সরকার—এমনটাই জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে শিক্ষাখাত এখন ভয়াবহ সংকটে ও খাদের কিনারায় রয়েছে। এ অবস্থায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সংকট মোকাবিলা করা হবে বলে তিনি জানান।
মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীদের সমাজ জীবনের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে কোনো পেশায় খারাপ লোক থাকতে পারে, তবে তা দিয়ে সবাইকে খারাপ বলা যাবে না। মাদ্রাসায় কোনো অপরাধ হলে সেগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
আলোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।