খালেদা জিয়ার দেশপ্রেমের প্রশংসা করলেন মামুনুল হক, জাতীয় ঐক্যের আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। এর পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সাক্ষাৎ প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন মামুনুল হক।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মামুনুল হক। সেখানে তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনার সুযোগ পেয়েছিলেন এবং তিনি বিস্মিত হয়েছেন বিএনপি নেত্রীর দেশপ্রেম দেখে।
মামুনুল হক বলেন, “হাসিনার শাসনামলে খালেদা জিয়া নিগৃহীত, অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন। তিনি তার নিজের ভিটেমাটি হারিয়েছেন, বছরের পর বছর কারাগারে থেকেছেন। অথচ হাসিনার পতনের পরও তার প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেননি। বরং তিনি দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। প্রথমত, তিনি আমার প্রয়াত বাবা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ করেন। দ্বিতীয়ত, তিনি আমাকে বলেন, ‘মানুষ আমাদের কথা শোনে, মানুষকে বোঝান যেন তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে।’”
তিনি আরও বলেন, “আমি অবিভূত হয়েছি তার এই মনোভাব দেখে। তার মনে নেই অতীতের দুঃখ-কষ্ট, আছে শুধু দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের সম্পদের প্রতি দরদ। বিএনপির নেতাকর্মীদের তার এই দেশপ্রেম থেকে শিক্ষা নেওয়া উচিত।”
বিএনপির ইসলামী রাজনীতির প্রতি অবস্থান সম্পর্কে মামুনুল হক বলেন, “বিএনপি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে না, তবে তারা ইসলামের বিরোধীও নয়। বরং তারা বলেছেন, ইসলামী শক্তি যদি সামনে এগিয়ে যায়, বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাবে, বিরোধিতা করা হবে না।”
আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, “অনেকে আওয়ামী লীগ ও বিএনপিকে একই পাল্লায় মাপতে চান, কিন্তু এটি একটি বড় অবিচার। ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপিকে আবু তালেবের ভূমিকায় এবং আওয়ামী লীগকে আবু জাহেলের ভূমিকায় দেখা যেতে পারে।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে মামুনুল হক বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। যদি এই দুটি শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে স্বাধীনতা ও ইসলামবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”