ভারতের ভিসা নীতির সুযোগে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজমে চীনের আগমন
দিগন্ত জার্নাল ডেস্ক :
ভারত বাংলাদেশিদের জন্য স্বাভাবিক মেডিকেল ভিসা প্রদান বন্ধ করায়, চীন বাংলাদেশের মেডিকেল ট্যুরিজমের সুযোগ নিতে এগিয়ে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে এক হাজারেরও কম মেডিকেল ভিসা দিচ্ছে, যা আগে ৫ থেকে ৭ হাজার ছিল। ভারতের এই অবস্থানে বাংলাদেশের অনেক নাগরিক এখন চীন এবং থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন মেডিকেল ট্যুরিজম বাজারে সম্ভাবনা দেখছে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে বাংলাদেশের একটি দল চিকিৎসার জন্য সফর করেছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর চীন বাংলাদেশে ১৪টি কোম্পানি প্রতিষ্ঠা করে ২৩০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে।
চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু এবং চিকিৎসার জন্য বাংলাদেশিদের জন্য প্রবেশাধিকার সহজ করার পরিকল্পনা করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এই সম্পর্কের কোনো তৃতীয় পক্ষের প্রভাব নেই।
এদিকে, ভারতের বিলম্বিত ভিসা প্রক্রিয়া বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে চীনের আঞ্চলিক প্রভাব ক্রমশ বাড়ছে।