পাশ্চাত্য সভ্যতার অভিধানে প্রগতি আছে, নেই মজলুমের জন্য ইনসাফ: মির্জা গালিব - দিগন্ত জার্নাল

পাশ্চাত্য সভ্যতার অভিধানে প্রগতি আছে, নেই মজলুমের জন্য ইনসাফ: মির্জা গালিব

দিগন্ত জার্নাল ডেস্ক :

পবিত্র রমজান মাসে গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় শত শত নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী মঙ্গলবার থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে।

এ ঘটনায় পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নীরবতা ও মুসলিম বিশ্বের শাসকদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পাশ্চাত্যের উপনিবেশবাদ ও শোষণের ইতিহাস আজও অব্যাহত। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও শিশুদের ওপর বর্বরতা প্রমাণ করে, এই সভ্যতার অভিধানে প্রগতি থাকলেও মজলুমদের জন্য ন্যায়বিচার নেই।

তিনি উল্লেখ করেন, একসময় ঢাকার রাজপথে ফিলিস্তিনের জন্য মিছিল করতেন, আর আজ আমেরিকার রাজপথেও একই দাবিতে সোচ্চার হতে হচ্ছে। পাশ্চাত্যের উন্নতি মহাকাশ ছুঁলেও মানবিকতার মানদণ্ডে তারা এখনও ব্যর্থ।

প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে মির্জা গালিব বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর শাসকরা সম্পদশালী হলেও নিজেদের নিপীড়িত ভাই-বোনদের অধিকার নিয়ে কথা বলে না। তবে ইতিহাস সাক্ষী, সময় বদলায়। একদিন ফিলিস্তিনও মুক্ত হবে ইনশাআল্লাহ।

an adbox will go here