নেত্রকোনায় ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক :
নেত্রকোনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গুণীজন ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী বলেন, “সংস্কার ও নির্বাচনহীন পরিস্থিতি দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দিচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সমৃদ্ধ দেশ গঠন করতে চেয়েছিলাম, তার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে টেকসই সরকার প্রয়োজন।”
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নেত্রকোনার শালথী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতি ওমর ফারুক ওফার, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মাওলানা জাকারিয়া আকন্দ।
বক্তারা বলেন, সমাজে ভালো মানুষকে ভক্তি করা হলেও শক্তি থাকে টাউট-বাটপারদের হাতে, যার ফলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। তাই কল্যাণকামী জনগণকে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, দেশে শিশু ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা চলতে থাকলে অভ্যুত্থানের সফলতা প্রশ্নবিদ্ধ হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আলেম ওলামারা ইসলামী কল্যাণ রাষ্ট্রের আদর্শ তুলে ধরে বলেন, “মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.) শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনিই প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছেন এবং রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য, ক্ষুধা ও নিরক্ষরতা দূরীকরণে কাজ করেছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কাইয়ুম, এন আকন্দ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, জমিয়তের জেলা সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, জামাতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান, মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আসাদুর রহমান আকন্দ, ইসলামী আইনজীবী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মুর্শেদ বেগ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাদ আল ফাহিম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি আবু সালেহ মূসা এবং যুব আন্দোলনের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে বলা হয়, “ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই এদেশের লাখো মানুষকে আল্লাহভীতি ও দেশপ্রেম শিখিয়েছেন। তার অনুসারীরা ইসলামী আদর্শ মেনে চললে দুনিয়া ও পরকাল উভয় ক্ষেত্রে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ।”