আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়: হুম্মাম কাদের - দিগন্ত জার্নাল

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়: হুম্মাম কাদের

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অনেকে বিভিন্ন মতামত দিচ্ছেন। তিনি বলেছেন, “১৬ বছর ধরে আমরা যেসব ভাই, সন্তান হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম ও খুন হয়েছে, আমি আমার বাবা হারিয়েছি, এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেওয়া উচিত হবে না।”

শুক্রবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের অনেক আত্মীয়-স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়; কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে।”

হুম্মাম কাদের চৌধুরী আরও অভিযোগ করেন, “রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের মানুষরা ঘোমটা দিয়ে লুকিয়ে আছেন। শোনা যাচ্ছে তারা এখনো রাতের আঁধারে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছেন। তবে, আমাদের মন বড়, মোমবাতির আলো দিয়ে তাদের খুঁজছি না, তাদের বিরুদ্ধে মামলা করছি না। তবে, তাদের সতর্ক করছি- তারা যদি ভালো না হয়, মামলা আরও আসবে, হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নেন।”

তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, রাজনীতি করতে চাই।”

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা লায়ন শওকত আলী নূর। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার প্রমুখ।

an adbox will go here