মিয়ানমার সীমান্ত থেকে গুলি এসে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক :
২১ মার্চ ২০২৫: মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকা থেকে ছোঁড়া গুলি এসে পড়েছে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে। এতে গুলিবিদ্ধ হয়েছে এক বাংলাদেশি যুবক, এবং আরেক যুবক গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও নুর হোসেন। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুমব্রু সীমান্তের ভাজাবনিয়া চিতারকুম এলাকায় ধান খেতে পানি দিচ্ছিলেন জাহাঙ্গীর ও নুর হোসেন। এ সময় মিয়ানমারের সীমান্ত থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে। এতে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর, আর গুলি ছুঁয়ে বেরিয়ে যায় নুর হোসেনের। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, গুলি জাহাঙ্গীরের বাম পায়ে লাগে, আর নুর হোসেনের শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। স্থানীয়রা দাবি করেছেন, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং গুলি করা হয় মিয়ানমারের কাঁটাতার অতিক্রম করার সময়। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাইক্ষংছড়ির থানার ওসি মো. মাসরুরুল হক জানিয়েছেন, আহত জাহাঙ্গীর আলমকে রাতেই কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নুর হোসেনের আঘাত তেমন গুরুতর নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।