দ্রুত বাস্তবায়নযোগ্য গণমাধ্যম সংস্কার প্রস্তাব চায় সরকার
দিগন্ত জার্নাল ডেস্ক :
গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো দ্রুত কার্যকর করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন গ্রহণের সময় তিনি বলেন, “সংস্কার কমিশন যেন আশু করণীয় সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করে।” প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে।” বিশেষ করে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য হওয়ায় বিদেশে সম্প্রচার সংকট তৈরি হয়েছে বলে কমিশন জানায়। এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ও আগ্রহী বিদেশিরা যাতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখতে পারেন, সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।”
সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন প্রণয়ন, আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, স্বচ্ছ বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা গঠনসহ বিভিন্ন বিষয়ে কমিশন প্রস্তাব দিয়েছে। কমিশনের কাজকে ‘অমূল্য’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এ প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যরাও পড়তে পারে, সে ব্যবস্থা নেওয়া উচিত।”
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে অন্তর্বর্তীকালীন সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে। জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গঠিত কমিশনে গণমাধ্যম, একাডেমিয়া ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন।