সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে সরকার: মাহফুজ আলম - দিগন্ত জার্নাল

সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে সরকার: মাহফুজ আলম

দিগন্ত জার্নাল ডেস্ক :

গণমাধ্যম সংস্কার কমিশনের সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। শনিবার (২২ মার্চ) ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার ও অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সাংবাদিকদের জন্য কল্যাণ অনুদান একটি আপৎকালীন ব্যবস্থা। তবে নিয়মিত বেতন-ভাতার নিশ্চয়তা থাকলে এ ধরনের অনুদানের প্রয়োজন হতো না।” তিনি আরও জানান, গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকবান্ধব নীতিমালা গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, “সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।” একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বাশার, সাজিদ আরাফাত ও মীর মুশফিক আহসান।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে ৩৭৪ জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে মোট ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। এর মধ্যে ১১ জন মৃত্যুবরণকারী সাংবাদিকের পরিবার এবং ১৯২ জন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক রয়েছেন।

an adbox will go here