হাসানাত সারজিসের মতবিরোধ নিয়ে মুখ খুললেন হান্নান মাসুদ - দিগন্ত জার্নাল

হাসানাত সারজিসের মতবিরোধ নিয়ে মুখ খুললেন হান্নান মাসুদ

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পরস্পরবিরোধী বক্তব্যে দলটির অভ্যন্তরীণ বিভক্তি প্রকাশ্যে এসেছে। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূমিকা নিয়ে দুই নেতার ভিন্নমুখী বক্তব্যের পর দলটির আরেক শীর্ষ নেতা আবদুল হান্নান মাসুদ সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সরি, আর চুপ থাকতে পারলাম না।”

গত ২১ মার্চ এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন। তবে রোববার উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা দেন।

এনসিপির দুই নেতার এমন পরস্পরবিরোধী বক্তব্যে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ নিয়ে নেতাদের মধ্যেও অসন্তোষ দেখা যাচ্ছে। সারজিস আলমের পোস্টে মন্তব্য করে আবদুল হান্নান মাসুদ লিখেছেন, “দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও আপনারা ব্যক্তিগত অবস্থান নিচ্ছেন, যা এনসিপিকে বিতর্কিত করছে।”

তিনি আরও বলেন, “মানুষ এনসিপিকে নিয়ে স্বপ্ন দেখছে, আর আপনারা কি করছেন? এটা কার এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না।”

নেতাদের এই মতবিরোধে এনসিপির অভ্যন্তরীণ সংকট ও বিভক্তি প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

an adbox will go here