আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাবেন না: ক্রীড়া উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ যেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা না করেন। শনিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে— এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।”
তিনি আরও লেখেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”
পরিশেষে তিনি উল্লেখ করেন, “গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।”