পায়রা সমুদ্র বন্দর প্রকল্পকে অর্থনীতির ‘বিষফোঁড়া’ বললেন পরিকল্পনা উপদেষ্টা - দিগন্ত জার্নাল

পায়রা সমুদ্র বন্দর প্রকল্পকে অর্থনীতির ‘বিষফোঁড়া’ বললেন পরিকল্পনা উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পকে অর্থনীতির জন্য ‘বিষফোঁড়া’ বলে আখ্যায়িত করেছেন। তবে প্রকল্পের সংশোধনী প্রস্তাব একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা জানান, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৪ হাজার ১৯৩ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪০৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করা হবে।

পায়রা সমুদ্র বন্দরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটিকে সমুদ্র বন্দর বলা হলেও এটি মূলত বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনতে ব্যবহৃত হবে। প্রকৃতপক্ষে এটিকে নদী বন্দরও বলা যায় না। প্রতিবছর এর জন্য প্রচুর অর্থ ব্যয়ে ড্রেজিং করতে হবে, যা অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এমনকি এটি বাতিল করে প্লেনে কয়লা আনাও সম্ভব। তবে যেহেতু অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে, তাই বাধ্য হয়েই প্রকল্পটি শেষ করতে হচ্ছে।”

এছাড়া, সরকারি ক্রয় আইনের সংশোধনী প্রসঙ্গে তিনি জানান, উপদেষ্টা পরিষদ সম্প্রতি একটি সংশোধনী অনুমোদন দিয়েছে, যার ফলে দরপত্রে ১০ শতাংশ সীমা তুলে দেওয়া হচ্ছে। এতে একক ঠিকাদারি চক্রের আধিপত্য কমবে এবং প্রকল্প বাস্তবায়ন আরও স্বচ্ছ হবে। পাশাপাশি, সব প্রকল্প শতভাগ অনলাইনে সংযুক্ত করা হবে এবং ই-জিপিতে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

an adbox will go here