নীলফামারীর ডোমারে জমিয়তে ইসলাম বাংলাদেশের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক:
নীলফামারীর ডোমারে জমিয়তে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সোনারায় হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
তিনি বলেন, “অনেক ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমাদের কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা অপরাজনীতি ও অপশক্তির সাথে কখনো আপোষ করব না, বরং আল্লাহর জমিনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথির ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম।
ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।