চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মো. শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর ১৯ জানুয়ারি সাকিব আল হাসান ও গাজী শাহাগীর হোসাইনকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসান ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যার কার্যক্রম সাতক্ষীরায় পরিচালিত হয়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেয়। পরে নির্ধারিত সময়ে ওয়ার্কিং ক্যাপিটালের ঋণ পরিশোধ না করায় ব্যাংক সেটিকে মেয়াদি ঋণে রূপান্তরিত করে।
ঋণের টাকা ফেরত চেয়ে ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ পাঠায়, এরপর চলতি বছরের ৪ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে চার কোটি ১৪ লাখ টাকার দুটি চেক প্রদান করা হয়। কিন্তু সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক দুটি ডিজঅনার হয়। এ অবস্থায় ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে আইনি নোটিশ পাঠায়। তবে ৩০ দিনের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ব্যাংক আদালতের শরণাপন্ন হয়।
এ প্রেক্ষিতে আদালত সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন, যা পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর করা হবে।