২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান: সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা - দিগন্ত জার্নাল

২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান: সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। এসময় দেশের শীর্ষ ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন—বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারের তালিকায় ছয়জনকে মরণোত্তর এবং একজনকে জীবিত অবস্থায় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত বিশিষ্ট ব্যক্তি বদরুদ্দীন মোহাম্মদ উমর পুরস্কার নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। শতাধিক গ্রন্থের এই লেখক আজীবন কোনো পুরস্কার গ্রহণ করেননি। তার ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সরকার সম্মান জানিয়েছে, তবে তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি পুরস্কারপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী ও তাদের অবদানের বিবরণ পাঠ করেন।

সচিব জানান, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এই পুরস্কার ১৯৭৭ সালে প্রবর্তিত হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গণ্য হয়ে আসছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয় পর্যায়েই এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

সরকার ২০২৪ সাল পর্যন্ত মোট ৩২৪ জন ব্যক্তি ও ৩২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করেছে। প্রতিবছর স্বাধীনতা দিবসের আগেই এই পুরস্কার দেওয়া হয়, যা দেশের গুণীজনদের প্রতি রাষ্ট্রের আনুষ্ঠানিক শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

an adbox will go here