৯০ দিনের মধ্যে স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক সম্প্রচারের সময় স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানের ক্ষেত্রে এনজিএসও (নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট) নীতিমালা অনুসরণ করে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।
আগামী ৯ এপ্রিল দেশে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে গত রোববার তথ্য দিয়েছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ওই দিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ৯ এপ্রিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে।
তিনি আরও বলেন, “আমরা অনেকগুলো সংস্থা স্টারলিংকের সঙ্গে কাজ করছি। আমরা ৯ এপ্রিল দিনটিকে ‘ডেমো ডে’ হিসেবে ব্যবহার করব এবং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। দিনটি আমাদের জন্য টেস্ট ডে বা ডেমো ডে হিসেবে গুরুত্বপূর্ণ হবে।”