ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলোও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে বলে আশা করছি।’

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ব্যাপারে সতর্ক করে ড. ইউনূস বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন ছবি ও তথ্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। যতই নির্বাচন ঘনিয়ে আসবে, এ ধরনের অপপ্রচার ততই বাড়বে।’ তিনি জানান, গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে সরকার জাতিসংঘের সহযোগিতা চেয়েছে এবং জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আমরা এখনো এক যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো পরাজিত শক্তির বড় অস্ত্র। আমাদের ঐক্য পলাতক শক্তির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এটি ভাঙতে চায়। তাই আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশসহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং তারা ইতিবাচকভাবে মতামত দিচ্ছে। কমিশনের লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর সম্মত বিষয়ে একটি তালিকা প্রস্তুত করা এবং তা স্বাক্ষরিত আকারে সংরক্ষণ করা। এ তালিকাই হবে “জুলাই চার্টার” বা “জুলাই সনদ”। আমরা চাই, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হোক এবং এরপর সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে।’

an adbox will go here