২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাপ্রধানের বাণী - দিগন্ত জার্নাল

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাপ্রধানের বাণী

দিগন্ত জার্নাল ডেস্ক:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি বাণী প্রদান করেছেন। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে।

বাণীতে সেনাপ্রধান বলেন, “আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এ দেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং স্বাধীন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়। এ কারণেই ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

তিনি সেনা সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “শুধু স্বাধীনতা যুদ্ধেই নয়, স্বাধীনতা পরবর্তী সময়েও যারা দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তায়ালার কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।”

সেনাপ্রধান আরও বলেন, “স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল এবং সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি যোগ করেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেনাবাহিনী প্রস্তুত। অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে।”

এছাড়া, তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

an adbox will go here