প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ নেই: মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ নেই: মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বক্তব্যকে ‘অস্পষ্ট’ উল্লেখ করে দ্রুত ‘স্পষ্ট রোডম্যাপ’ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “ডিসেম্বর থেকে জুন ছয় মাসের একটি সময়কাল, যা স্পষ্ট কোনো রোডম্যাপ নয়। আমরা বারবার দ্রুত নির্বাচনের কথা বলেছি। সংকট নিরসনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জাতির স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য নির্বাচনের দাবি জানাচ্ছে। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবে।”

সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল ইসলাম, রফিকুল আলম মজনু, আমিনুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

an adbox will go here