চার দিনের চীন সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি রওনা হন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফরে তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে ২৭ মার্চ হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে তার বৈঠক হতে পারে।
২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিনে তিনি হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন।
২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে, যেখানে তিনি বক্তব্য রাখবেন। সফর শেষে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রধান উপদেষ্টার এ সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা, মোংলা বন্দরের আধুনিকায়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের ঘোষণা আসতে পারে।