বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের সামরিক সক্ষমতা আরও বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এর জন্য মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) বাংলাদেশ সফর করেছেন।
বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সফরকালে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, দুইদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আলোচনা চলাকালীন যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোর গুরুত্ব উঠে আসে, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের নিরাপত্তায় তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
এছাড়াও, বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা করা হয় এবং সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়টি তুলে ধরা হয়। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ‘টাইগার লাইটনিং’ মহড়ার বিষয়ও আলোচনা করা হয়। এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপরও জোর দেন।