প্রধান উপদেষ্টাকে চীনের লাল গালিচা সংবর্ধনা, সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০২৫ সালের ২৬ মার্চ, বুধবার, বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীনের হাইনান প্রদেশে পৌঁছান। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস-গভর্নর তাকে বিমানবন্দরে আন্তরিকভাবে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এছাড়া, ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। পরে, তিনি চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।
ড. ইউনূস ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেদিন রাতে বাংলাদেশে ফিরবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য চীন এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, মোংলা বন্দরের আধুনিকীকরণ প্রকল্পের জন্যও চীন অর্থায়ন ঘোষণা করবে। প্রধান উপদেষ্টার বেইজিং সফরের মধ্যে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।