ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা, তাপসের গেজেট বাতিল
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। এ আদেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মেয়রত্বের গেজেট বাতিল করা হয়েছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাপস বিজয়ী হয়ে মেয়র হিসেবে শপথ নেন। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনসহ আটজনকে বিবাদী করা হয়।
বৃহস্পতিবার আদালত রায়ে জানান, অনিয়ম ও অগ্রহণযোগ্যতার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং মামলার নিষ্পত্তি ১৮০ দিনের মধ্যে করার বিধান রয়েছে। আপিলের ক্ষেত্রে ১২০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হয়।