তিন সাবেক সিইসির বিচারের দাবি ইশরাক হোসেনের
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের রায় পক্ষে আসার পর সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমদ এবং কাজী হাবিবুল আউয়ালের বিচার দাবি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) আদালতের রায়ের পর ইশরাক হোসেন বলেন, সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারদের নিরপেক্ষভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেটিতে ব্যর্থ হয়েছেন। তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস সেদিন সোয়া চার লাখ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন, আর ইশরাক পান ২ লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন ইশরাক হোসেন। পাঁচ বছর পর আদালত সেই মামলার রায় দেন, যেখানে তাপসের মেয়র হিসেবে ঘোষিত গেজেট বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়।
রায়ের পর ইশরাক হোসেন বলেন, ‘মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি মেয়র হবো কি না বা শপথ নেবো কি না, সেটি দলের সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘সারা দেশ দেখেছে কীভাবে ভোট ডাকাতি হয়েছে। আমাদের প্রচারে বাধা দেওয়া হয়েছে, বিএনপির কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার করা হয়েছে, মিছিলে হামলা চালানো হয়েছে। এমনকি নির্বাচনের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্র খোলা হয়নি, পরে কিছুক্ষণ খোলা থাকলেও দ্রুত বন্ধ করে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘ভোট জালিয়াতির মাধ্যমে আমার ভোটের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে, তাই আমরা আদালতে গিয়েছিলাম। আজ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন।’