ভারত গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভালো উদাহরণ তৈরি করেনি: নাহিদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার গণহত্যা সংগঠিত করে ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ভারত এ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভালো উদাহরণ তৈরি করেনি। বাংলাদেশে বিচার কার্যক্রম এগিয়ে চলছে এবং অপরাধীদের ফেরত চাওয়ার বিষয়েও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে শহিদদের’ তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বিচার কার্যক্রম এগোলে কূটনৈতিকভাবে দোষীদের, বিশেষ করে শেখ হাসিনাসহ অপরাধীদের ফেরত চাওয়া হলে ভারত সরকার সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা থাকবে। এর মাধ্যমেই বোঝা যাবে ভারত বাংলাদেশের সঙ্গে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘২০২১ সালের আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের তালিকা প্রকাশ ও দোষীদের যথাযথ বিচারের দাবিকে সরকার গুরুত্ব দেবে বলে আমরা আশা করি।’ এনসিপি নেতারা বলেন, নির্যাতিতদের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
এ সময় নাহিদ ইসলাম অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘যাদের ব্যাংক-ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটি স্বাধীনতা মনে হয় না। কারণ, তারা সব সময় সুবিধাভোগী ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, তাদের কাছে শুধু লুটপাটের স্বাধীনতা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘গতকাল দেখলাম প্রথম স্বাধীনতা ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু আমরা যারা গত ১৬ বছরে নির্যাতিত ও নিপীড়িত হয়েছি, তাদের কাছে এটি অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।’