বিপিএলের টিকিট নিয়ে বিশৃঙ্খলা কাউন্টারে আগুন দিলো দর্শকরা - দিগন্ত জার্নাল

বিপিএলের টিকিট নিয়ে বিশৃঙ্খলা কাউন্টারে আগুন দিলো দর্শকরা

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিপিএল টিকিট বিতরণে নিয়ে জটিলতা যেন শেষই হচ্ছে না!

গত ৩১ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামের দরজা ভেঙে ফেলার ঘটনার পর এবার ঘটেছে আরও গুরুতর ঘটনা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের টিকিট নিয়ে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে মিরপুর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ দর্শকরা।

সকাল থেকেই মিরপুরের সুইমিং কমপ্লেক্সের সামনে টিকিটের জন্য দীর্ঘ লাইন ধরেন দর্শকরা। তবে সাড়ে ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। টিকিট সংকট ও দীর্ঘ অপেক্ষায় ক্ষুব্ধ দর্শকরা প্রথমে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তারা টিকিট কাউন্টারে ভাঙচুর চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেন।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

বিসিবির পক্ষ থেকে এবারের বিপিএলে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলোতে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বিশেষ বুথে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় বিসিবি। তা সত্ত্বেও টিকিট সংকটের সমাধান করা সম্ভব হয়নি, যা দর্শকদের ক্ষোভের কারণ হিসেবে দেখা যাচ্ছে।

বিপিএল মাঠে ফিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেলেও টিকিট বিতরণ ব্যবস্থার ঘাটতি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, যাতে দর্শকদের এই ধরনের অরাজকতায় লিপ্ত হতে না হয়।

an adbox will go here