রণাঙ্গণের আওয়ামী লীগ শরণার্থী মুক্তিযোদ্ধা: বিএনপির খোকন - দিগন্ত জার্নাল

রণাঙ্গণের আওয়ামী লীগ শরণার্থী মুক্তিযোদ্ধা: বিএনপির খোকন

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি, তিনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশাহারা হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে আরাম-আয়েশ করেছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, বরং মুক্তিযুদ্ধের সুবিধা নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, দেশের জনগণই এই ভূখণ্ডের মালিক এবং তারাই ভোটের মাধ্যমে জনবান্ধব সরকার নির্বাচিত করবে। বর্তমান সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে, যাতে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পায়। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য এখনও ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি, সিন্ডিকেট এখনও রয়েছে, ৭২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার কিনতে পারে না, ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং ৩৫ শতাংশ মানুষ এখনও দুবেলা খেতে পারে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার জনগণের করের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। যদি এই টাকা দেশে থাকত, তবে জনগণের কল্যাণে ব্যয় করা যেত।

অনুষ্ঠানে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, চেম্বারের পরিচালক দেলোয়ার হোসেন দুলাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন ও নাজমুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনি এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

an adbox will go here