'ইদ' থেকে পুনরায় 'ঈদ' বানানে ফেরা ঐতিহাসিক সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ - দিগন্ত জার্নাল

‘ইদ’ থেকে পুনরায় ‘ঈদ’ বানানে ফেরা ঐতিহাসিক সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য সংরক্ষণে বাংলা একাডেমি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র ‘ঈদ’ শব্দটি পূর্বের ‘ইদ’ বানান থেকে পরিবর্তন করে পুনরায় ‘ঈদ’ বানানে ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, বাংলা একাডেমি ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি অনুযায়ী ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।

ভাষাবিদ ও সাহিত্যিকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘ঈদ’ বানানটি শুধু একটি শব্দ নয়, এটি আমাদের ভাষার সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে বাংলা একাডেমির এই সিদ্ধান্ত বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে, আগামীতে সব সরকারি ও বেসরকারি প্রকাশনা, গণমাধ্যম এবং একাডেমিক লেখালেখিতে ‘ঈদ’ বানানটি ব্যবহৃত হবে। ভাষার শুদ্ধতা বজায় রাখতে বাংলা একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকে মনে করছেন, এটি বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

an adbox will go here