চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এ বৈঠকের তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন। তিনি চীনকে বাংলাদেশে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এরপর শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ড. ইউনূস বিনিয়োগ সংক্রান্ত এক সম্মেলনে অংশ নেবেন, যেখানে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত করা হবে এবং তাদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিভিন্ন দিক তুলে ধরা হবে।
প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি পৃথক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। এগুলোর মূল বিষয়বস্তু হলো—
✔ টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ
✔ বাংলাদেশ ২.০: উৎপাদন ও বাজার সম্ভাবনা
✔ সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব
এসব আলোচনায় তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা খাতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
চীন সফরের অংশ হিসেবে ড. ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন।