রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার - দিগন্ত জার্নাল

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিকে গঠনমূলক ও ফলপ্রসূ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, বাংলাদেশ ও চীনের মধ্যে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকের পর শুক্রবার বেলা পৌনে ১২টায় ড. ইউনূস দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং-এ চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক ‘বিনিয়োগ সংলাপে’ অংশ নেবেন। এতে বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশ এবং বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরা হবে।

প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি পৃথক গোলটেবিল আলোচনায়ও অংশ নেবেন, যেখানে তিনি টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশে উৎপাদন ও বাজার সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও তিন শূন্যের বিশ্ব নিয়ে আলোচনা করবেন। এসব আলোচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, স্বনামধন্য চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

চীনে সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে এক নৈশভোজেও যোগ দেবেন।

an adbox will go here