চীনের বিনিয়োগে বাংলাদেশে কর্মসংস্থানের আশাবাদ ও তিস্তা প্রকল্পে আলোচনা - দিগন্ত জার্নাল

চীনের বিনিয়োগে বাংলাদেশে কর্মসংস্থানের আশাবাদ ও তিস্তা প্রকল্পে আলোচনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৮ মার্চ ২০২৫, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিংপিনের দ্বিপাক্ষিক বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা আশা করছি, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে ও একটি নতুন অধ্যায় সূচিত হবে।”

শফিকুল আলম আরও জানান, “এ বছর চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে, যার আলোকে ব্যবসায়ীরা প্রচুর আগ্রহ দেখিয়েছেন। তবে চীনের বিনিয়োগকারীরা অবশ্যই তাদের সরকারের দিকে তাকিয়ে থাকে, কারণ প্রেসিডেন্ট শি জিংপিন বলেন, তারা আমাদের উৎসাহিত করবেন। আমরা আশা করছি, চীনের বিনিয়োগ ব্যাপক আকারে বাংলাদেশে আসবে।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা দ্রুত প্রচুর কর্মসংস্থান তৈরি করতে চাইছেন। আমাদের দেশে কর্মসংস্থান তৈরি করা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। চীনের বিনিয়োগকারীরা যদি বাংলাদেশে এসে, বিশেষ করে চীনা অর্থনৈতিক অঞ্চলে অথবা মংলায় রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগ করে, তবে তা আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করবে।”

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক ব্যাপক সফল ছিল। প্রেসিডেন্ট যেভাবে আমাদেরকে বৈঠকে নিলেন এবং পুরো বৈঠকের মধ্যে যে হৃদ্যতা প্রকাশ পেল, তা থেকেই বুঝা যায়, প্রফেসর ইউনূসকে তারা কত উঁচু নেতা হিসেবে দেখছেন।”

এছাড়াও, আলাপকালে শফিকুল আলম জানিয়েছেন, “চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে উল্লেখ করা হয়েছে, এই বছর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। আমাদের বিভিন্ন ইস্যু – বিশেষ করে চীনের থেকে যেসব সাপোর্ট আমরা আশা করছি – নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট বিবেচনার কথা বলেছেন এবং প্রফেসর ইউনূস ও তার সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করছেন।”

প্রেস সচিব আরও বলেন, “একটি গুরুত্বপূর্ণ দিক হলো, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো। প্রেসিডেন্ট শি জিংপিন বলেছেন, তিনি বাংলাদেশের আম ও কাঁঠাল খেয়েছেন ও তার প্রশংসা করেছেন। এর ফলে আমরা আশা করছি, আগামী মৌসুমে চীনে আমের রফতানি শুরু হয়ে যাবে।”

an adbox will go here