ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশত
দিগন্ত জার্নাল ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে বিলাতি গোষ্ঠী ও চিড়ার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ হয়। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুজিয়াখাইল গ্রামের আরাফাত উল্লাহর বিলাতি গোষ্ঠী ও রেনু মিয়ার চিড়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এক মাস আগে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং মামলাও হয়। শুক্রবার জুমার নামাজের পর পূর্বশত্রুতার জেরে ফুটবল হারানোকে কেন্দ্র করে সামসু মিয়ার সঙ্গে জমসেদ মিয়া ও তার ছেলেদের কথা-কাটাকাটি হয়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চাতলপাড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম পাঠান বলেন, “দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এক মাস আগেও সংঘর্ষ হয়েছিল, কিন্তু কোনো পক্ষই বিরোধ মেটাতে আগ্রহ দেখায়নি।”
বিলাতি গোষ্ঠীর নেতা আরাফাত উল্লাহ বলেন, “আমাদের আয়দর আলীকে মারধর করেছিল রেনু মিয়ার লোকজন। আমরা মামলা করেছিলাম। বৃহস্পতিবার তারা জামিন নিয়ে শুক্রবার আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।” অন্যদিকে চিড়ার গোষ্ঠীর নেতা রেনু মিয়া বলেন, “আমরা বিরোধ মেটানোর চেষ্টা করেছি, কিন্তু শুক্রবার মসজিদে ফুটবল হারানো নিয়ে ঝগড়া বাঁধে এবং পরে সংঘর্ষ হয়।”
নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম জানান, “জমি নিয়ে আগের সংঘর্ষের জের ধরে শুক্রবার আবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।”