হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১
দিগন্ত জার্নাল ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উদিদবপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতি বছর সদরঘাট দক্ষিণপাড়ার সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় পশ্চিমপাড়ার লোকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে দুই পক্ষের মুরুব্বিরা মসজিদে আলোচনা করেন। মসজিদ থেকে বের হওয়ার সময় পশ্চিমপাড়ার কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া দক্ষিণপাড়ার আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি বলেন, “ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে, দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”