তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

তরুণদের উদ্দেশ্যে স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “চাকরি দাসপ্রথার চলমান ধারা, তবে মানবসত্তা স্বাধীন।” তিনি এসব কথা শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে বলেন। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

ড. ইউনূস আরও বলেন, “যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই আমার প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। এই বাধাগুলো কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সকল নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি বলেন, “সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরীব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে, এবং এটিই আমাদের জনগণের সকল সমস্যার মূল।”

ড. ইউনূস চাকরির ধারণাকে ভুল মনে করেন, এবং বলেন, “প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার, তবে চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।”

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন রয়েছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং বড় পরিসরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর আগে তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন। চীন সফর শেষে আজ প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে।

an adbox will go here